
নিজ সংসদীয় আসনের এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পেলেই তাদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ঢাকা-৬ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি এ নির্দেশনা দেন তিনি।
পোস্টে ঢাকা-৬ আসনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডসহ সূত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীদের উদ্দেশে নির্দেশনা দেওয়া হয়। প্রত্যেক এলাকায় মিছিলসহ পাহারা দেওয়ার জন্য ওয়ার্ড ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে বলেন ইশরাক।
তিনি আরও জানান, কোথাও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। এ কার্যক্রম দিন-রাত পালাক্রমে চালু রাখার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।