
রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট বন্দরে দোকানের ঝাঁপ কেটে মালামাল চুরির সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন জুয়েল নামে এক যুবক। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। পরে ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাগেরহাট বন্দরের ফ্রিজ, টেলিভিশন ও পানির পাম্প মেরামতকারী ফারুক মিয়ার দোকানের পেছনের ঝাঁপ কেটে ভেতরে প্রবেশ করেন জুয়েল। এ সময় দোকান থেকে তামার তার, ট্রান্সফরমার, এলইডি টেলিভিশন ও পানির পাম্প চুরির চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে আটক করেন। পরে বদরগঞ্জ থানার এএসআই আব্দুল ওয়াহাব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে থানায় নিয়ে যান।
স্থানীয়দের দাবি, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল আরও কয়েকটি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় বদরগঞ্জ থানায় চুরির মামলা হয়েছে।