
আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমা ‘যাপিত জীবন’। মুক্তির আগে নিজের ও সিনেমার পুরো দলের জন্য দর্শকদের কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বাবার পরিচালনায় প্রথমবার অভিনয় করা এ সিনেমা নিয়ে আবেগাপ্লুত ভাবনা। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় সিনেমাটির বিশেষ প্রিমিয়ার ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাবনা লেখেন, দিনটি তার জন্য বিশেষ। সিনেমাটির সঙ্গে অনেক ভালোবাসা, আবেগ, পরিশ্রম ও স্বপ্ন জড়িয়ে রয়েছে। তিনি নিজের ও পুরো দলের জন্য দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন তাদের পরিশ্রম সার্থক করেন এবং সিনেমাটি দর্শকদের ভালোবাসা পায়।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘যাপিত জীবন’-এর গল্প আবর্তিত হয়েছে দেশভাগ ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটে। এতে একটি পরিবারের জীবনসংগ্রাম, ভালোবাসা ও নানা সংকট তুলে ধরা হয়েছে। ভাবনার পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, ডলি জহুর, কাজী হায়াৎ, গাজী রাকায়েত ও আজাদ আবুল কালাম। সিনেমাটিতে প্রথমবার বড় পর্দায় জুটি হয়েছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী।