
নতুন প্রজন্মের বুদ্ধিমত্তা ও বিশ্বসংস্কৃতি সম্পর্কে জানাশোনায় মুগ্ধ বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। বিশেষ করে নিজের মেয়ে শোরাকে কাছ থেকে দেখার পর জেন-জি সম্পর্কে তার ধারণা বদলে গেছে। অভিনেতার মতে, বর্তমান প্রজন্ম অনেক বেশি স্মার্ট এবং তাদের অভিজ্ঞতার পরিধিও বিস্তৃত।
এক সাক্ষাৎকারে নওয়াজুদ্দিন বলেন, ১৫ থেকে ১৮ বছর বয়সী তরুণ-তরুণীরা বিশ্ব সম্পর্কে অনেক বেশি জানে। তারা বড়দের সরাসরি প্রশ্ন করতে পারে এবং বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সিনেমা দেখার সুযোগ পাচ্ছে। নিজের মেয়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, মাত্র তিন-চার বছরে শোরা তার চেয়েও বিশ্বের বেশি সিনেমা দেখেছে। অভিনয়ের ক্ষেত্রেও মেয়ের জানাশোনা ও আগ্রহ তাকে মুগ্ধ করেছে।
নওয়াজুদ্দিনকে সর্বশেষ দেখা গেছে ‘রাত আকেলি হ্যায়: দ্য বনসাল মার্ডারস’ সিনেমায়। এ ছাড়া আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দান্নার সঙ্গে অভিনয় করেছেন ‘থাম্মা’তে। সামনে তাকে দেখা যাবে ‘সেকশন ১০৮’, ‘তুম্বাড ২’ ও ‘সঙ্গিন’ সিনেমায়। অন্যদিকে, বাবার সঙ্গে ‘নাকাব’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চে অভিষেক হয়েছে শোরার। যুক্তরাষ্ট্রের নয়টি শহরে নাটকটি পরিবেশন করেছেন তারা।