July 30, 2026, 10:54 pm

অভিষেক-কারিশমার বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন সুনিল দর্শন

অভয়নগর প্রতিবেদক

একসময় বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন অভিষেক বচ্চন ও কারিশমা কাপুর। প্রেম থেকে বাগদান—সবকিছুই এগোচ্ছিল পরিকল্পনা অনুযায়ী। কিন্তু ২০০৩ সালের শুরুতেই আকস্মিকভাবে ভেঙে যায় তাদের বিয়ে। দীর্ঘদিন পর সেই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুনিল দর্শন।
সম্প্রতি ‘হিন্দি রাশ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুনিল দর্শন জানান, অভিষেক ও কারিশমার সম্পর্ক ‘বন্ড অব লাভ’ ছবির শুটিংয়ের আগেই শুরু হয়েছিল এবং সময়ের সঙ্গে তা আরও গভীর হয়। ‘হাঁ ম্যায়নে ভি প্যায়ার কিয়া হ্যায়’ ছবির সময় তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁর ভাষায়, অমিতাভ বচ্চনের ছেলে ও রাজ কাপুরের নাতনি—তাদেরকে আদর্শ জুটি বলেই মনে হতো।
সুনিল দর্শনের দাবি, বাগদান ভাঙার দিন এমন কোনো ঘটনা ঘটেনি, যাতে সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত ছিল। তিনি বলেন, পরে কারিশমা নববর্ষ উদযাপনের জন্য ব্যাংককে যান। এরপর হঠাৎ জানতে পারেন, তিনি সঞ্জয় কাপুরকে বিয়ে করতে যাচ্ছেন। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটি তাঁর কাছেও স্পষ্ট নয়।
তিনি আরও বলেন, এই সম্পর্ক ভাঙার জন্য কাউকে এককভাবে দায়ী করা ঠিক নয়। অনেকেই বাবিতা, জয়া বচ্চন, কারিশমা বা অভিষেককে দায়ী করেন। তবে তাঁর মতে, সম্পর্কের এমন পরিণতি অনেক সময় ভাগ্যের ওপরও নির্ভর করে এবং প্রতিটি সম্পর্কের বাস্তবতা ভিন্ন।
উল্লেখ্য, ২০০২ সালে অমিতাভ বচ্চনের ৬০তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরের বাগদানের ঘোষণা দেওয়া হয়। তবে কয়েক মাসের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে। আজও দুই পরিবারের কেউই বিয়ে ভাঙার প্রকৃত কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।



ফেসবুক কর্নার