August 3, 2026, 11:14 pm

“ভালোবাসা নিয়ে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে”- ভক্তদের উদ্দেশ্যে কুমার বিশ্বজিত

অভয়নগর প্রতিবেদক

বাংলা গানের অনন্য শিল্পী কুমার বিশ্বজিৎ। চার দশকেরও বেশি সময় ধরে সুরের ভুবনে পথচলা তার। দীর্ঘ এই সংগীতযাত্রায় উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান, যার অনেকগুলোই সময়ের সীমানা পেরিয়ে আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে।
 
ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন কুমার বিশ্বজিৎ। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে মাঝেমধ্যেই পুরোনো দিনের গান শেয়ার করেন এই শিল্পী। দুদিন আগে এমনই এক পোস্টে নিজের গাওয়া কয়েকটি জনপ্রিয় গান নিয়ে পোল করেন তিনি। জানতে চান, অনুসারীদের সবচেয়ে প্রিয় গান কোনটি।
 

কুমার বিশ্বজিতের সেই পোস্টে অল্প সময়েই জমে ওঠে মন্তব্যের ঝড়। এক হাজারেরও বেশি মন্তব্যে ভক্তরা তুলে ধরেন তাদের পছন্দের শতাধিক গানের নাম। একজন শিল্পীর গাওয়া এত বিপুলসংখ্যক গান শ্রোতাদের পছন্দের তালিকায় থাকা নিঃসন্দেহে বিশেষ এক প্রাপ্তি। ভক্তদের এই ভালোবাসায় আপ্লুত হয়েছেন কুমার বিশ্বজিৎও।
আজ বিকেলে দেওয়া এক ফেসবুক পোস্টে ‘যেখানে সীমান্ত তোমার’-এর এই শিল্পী লেখেন, গত পোস্টে তার গাওয়া শ্রোতাদের ভালো লাগার গানগুলোর কথা জানতে চেয়েছিলেন। ভক্তরা নিজেদের অনুভূতি ও পছন্দের গান জানানোয় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
কুমার বিশ্বজিৎ জানান, ভক্তদের উল্লেখ করা ১২৫টি পছন্দের গানের মধ্যে ১০০টিরও বেশি মৌলিক গান, যেগুলোর বেশির ভাগই চলচ্চিত্রের বাইরের। একজন শিল্পী হিসেবে এটিকে নিজের জন্য যেমন বড় প্রাপ্তি মনে করছেন, তেমনি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকদের জন্যও এটিকে আশীর্বাদ ও বড় পুরস্কার হিসেবে দেখছেন তিনি।
শ্রোতাদের এমন ভালোবাসায় আবেগাপ্লুত কুমার বিশ্বজিৎ আরও লেখেন, হয়তো এই গানগুলো আজীবন শ্রোতাদের অন্তরে ও ভালোবাসায় থেকে যাবে। আর সেই ভালোবাসা নিয়েই একদিন তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শ্রোতাদের ভালোবাসা সঙ্গে নিয়ে চলে যাওয়াকেও পরম শান্তির বলে উল্লেখ করেন তিনি।
এরপর নিজের সেই আবেগের সঙ্গে মিল রেখে ভক্তদের জন্য একটি গান উপহার দেন কুমার বিশ্বজিৎ। পোস্টের সঙ্গে শেয়ার করেন ‘একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে’ গানটির কিছু অংশ।
নকুল কুমার বিশ্বাসের লেখা এই গানটি একসময় শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। কুমার বিশ্বজিতের সাম্প্রতিক এই পোস্টে তাই একদিকে যেমন উঠে এসেছে দীর্ঘ সংগীতজীবনের প্রাপ্তি, অন্যদিকে ফুটে উঠেছে শ্রোতাদের ভালোবাসার প্রতি একজন শিল্পীর গভীর কৃতজ্ঞতা ও আবেগ।



ফেসবুক কর্নার