August 5, 2026, 4:56 pm

নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত অন্তত ২০

আবু সালেহ স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও কলেজ রোড এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় এক ঘণ্টা দফায় দফায় চলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিবিরের তোলারাম কলেজ শাখার সভাপতি ইমদাদুল হক শুভ, সেক্রেটারি তামিম, অর্থ সম্পাদক জুহাস, মহানগর সভাপতি অমিত হাসান ও অর্থ সম্পাদক আরিফুল ইসলাম এবং ছাত্রদলের কর্মী তুহিন আহমেদের নাম জানা গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিবিরের মহানগর সভাপতি অমিত হাসান দাবি করেন, তাদের একটি কর্মসূচি চলাকালে তোলারাম কলেজ শাখার কয়েকজন নেতাকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। তার অভিযোগ, ক্যাম্পাসে আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।
অন্যদিকে, তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া বলেন, কর্মসূচিতে দেওয়া কিছু বক্তব্যকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কলেজ গেটের বাইরে সংঘর্ষের খবর পেয়ে প্রশাসনকে জানানো হলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান বলেন, আলোচনা সভাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি নিয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।



ফেসবুক কর্নার