
নিজস্ব প্রতিবেদক ঢাকা
চলচ্চিত্রের ‘মুভিলর্ড’ খ্যাত জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ তুলেছেন তার তিন বোন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে অভিযোগগুলোকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে দাবি করেছেন ডিপজল।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে তাকে ও তার পরিবারকে হেয় করতে মিডিয়াকে ব্যবহার করছে। এ ক্ষেত্রে তার বোনদের সামনে রেখে এবং পরিবারের সদস্যদের জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি তার বোনের ছেলে প্রিন্সও এই অপপ্রচারে জড়িত বলে দাবি করেন ডিপজল।
স্ট্যাটাসে ডিপজল লেখেন, পারিবারিক বিষয় প্রকাশ্যে এনে কাদা ছোড়াছুড়ি করা শুধু দুঃখজনক নয়, এটি একটি পরিবারের সম্মান ও মর্যাদার ওপর সরাসরি আঘাত। তিনি বলেন, রক্তের সম্পর্ক ও মা–বাবার নাম জড়িয়ে মিথ্যাচার করা যে কতটা যন্ত্রণাদায়ক—তা কেবল ভুক্তভোগীরাই বোঝেন। তিনি ইংরেজিতে লেখেন, “It hurts deeply when your own family becomes a tool for spreading lies.”
ডিপজলের দাবি, তার মা জীবিত থাকাকালে এবং মৃত্যুর পরও পরিবারের দায়িত্ব তিনি একাই পালন করেছেন। তিনি লেখেন, মা জীবিত থাকাকালে সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন। নিয়মিত ব্যাংককে চিকিৎসা করিয়েছেন এবং প্রয়োজনীয় ওষুধ বিদেশ থেকে আনা হতো। মায়ের চিকিৎসা ও যত্নে কখনো আপস করেননি বলেও উল্লেখ করেন তিনি।