
বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছ থেকে সরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুযোগ তৈরি হলে মেধাবী চাকরিপ্রত্যাশীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বেসরকারি শিক্ষক নিয়োগ এনটিআরসিএ থেকে সরিয়ে ম্যানেজিং কমিটির হাতে ন্যস্ত করার প্রতিবাদে’ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
শেখ ফজলুল করীম মারুফ বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। একজন শিক্ষক শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দেন। তাই কোনো শিক্ষক যদি অনৈতিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠানে নিয়োগ পান, তাহলে তা ভবিষ্যৎ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, সরকারদলীয় লোকজনকে অনৈতিক সুবিধা দেওয়ার কোনো সুযোগ থাকা উচিত নয়। তাঁর অভিযোগ, দেশব্যাপী বিএনপিকরণের অন্যতম এজেন্ডা হচ্ছে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রদান।
নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষক নিয়োগে কোনো ধরনের ফ্যাসিবাদী আচরণ দেশপ্রেমিক জনগণ মেনে নেবে না। তিনি আরও বলেন, স্বাধীনতার এত বছর পরও ঢাকা বসবাসের অনুপযোগী শহর হিসেবে পরিচিত হওয়া সচেতন নাগরিকদের জন্য উদ্বেগের বিষয়।
মানববন্ধনে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, নগর জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর, নগর আইএবি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক আকন, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য মাওলানা মাসুদুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।