
দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে ১৬৭ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি নির্বাচিত হন।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। এ নির্বাচনে ছয়জন সংসদ সদস্য ভোট প্রদানে বিরত থাকেন। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শপথ অনুষ্ঠানের সময়সূচির বিষয়টি জানান।
দীর্ঘ ৩৫ বছর পর দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে দীর্ঘ সময় রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। এবার দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।