August 27, 2026, 5:43 am

জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে কেন্দ্রীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

রুবেল উদ্দীন, গুইমারা প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও শহীদ জিয়া স্মৃতি সংসদ খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বাবু ম্রাসা থোয়াই মারমা শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য চট্টগ্রামের প্রধান সমন্বয়ক মুফতী রবিউল ইসলাম শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বুধবার (২৬ আগস্ট) তিনি মুফতী রবিউল ইসলাম শামীমের বাসভবনে গিয়ে কুশল বিনিময় করেন। এ সময় সংগঠন ও এলাকার বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়।
সাক্ষাৎকালে খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম, পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে গুইমারা উপজেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় জনগণের সমস্যা ও সম্ভাবনা এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন তারা। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের মধ্যে সমন্বয়ের মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় নেতৃবৃন্দ পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে গুইমারাসহ সমগ্র খাগড়াছড়ির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, স্থানীয় উন্নয়ন ও শান্তির স্বার্থে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সৌজন্য সাক্ষাৎকালে গুইমারা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখার স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে এলাকার উন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নিজেদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার