September 2, 2026, 6:48 am

নতুন ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন, স্থাপন হচ্ছে ৪টি

আলতাফ হোসেন স্টাফ রিপোর্টার

দেশের শিক্ষার প্রসার ও মানোন্নয়নের লক্ষ্যে নতুন চারটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং আরও সাতটি প্রতিষ্ঠানে পাঠদানের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরিন আখতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, চালুকরণ, স্বীকৃতি, অতিরিক্ত শ্রেণি শাখা, বিষয় ও বিভাগ খোলার বিষয়ে গঠিত প্রক্রিয়াকরণ কমিটির সুপারিশের ভিত্তিতে এসব অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে কার্যক্রম পরিচালনার সম্মতি দেওয়া হয়েছে।
নতুন স্থাপনের অনুমতি পাওয়া চারটি প্রতিষ্ঠান হলো—মেহেরপুরের গাংনীর বেগম রাশিদা একিন উদ্দীন মডেল স্কুল, সুনামগঞ্জের দোয়ারাবাজারের রশিদ আলী মেমোরিয়াল গার্লস স্কুল, চট্টগ্রামের রাউজানের পশ্চিম ডাবুয়া গনিপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের শাহ রাহাত আলী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এছাড়া পাঠদানের অনুমতি পেয়েছে যশোরের আমিনা কেরামত আলী বিশ্বাস স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সেন্ট্রাল স্কুল, সুনামগঞ্জের টেংরা উচ্চ বিদ্যালয়, ঝালকাঠির অ্যাডভোকেট মিজানুর রহমান একাডেমি, কক্সবাজারের বেগম আয়েশা হক উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গার ড. আতিকুর রহমান মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং কুমিল্লার ইভা মডেল হাই স্কুল।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অনুমোদনপ্রাপ্ত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে জমির রেজিস্ট্রি, নামজারি, খাজনা খারিজ এবং ব্যাংকে স্থায়ী আমানত জমাসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শর্ত পূরণ সাপেক্ষে এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।



ফেসবুক কর্নার