September 9, 2026, 10:02 am

মাদ্রাসার দুই শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

মোঃ ইসমাইল হোসেন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের ইবতেদায়ি ৫ম শ্রেণি ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ দুই শ্রেণির বৃত্তি পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বুধবার (২ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ইবতেদায়ি ৫ম শ্রেণির পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দাখিল ৮ম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সময়সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর প্রথম দিনে ইবতেদায়ি ৫ম শ্রেণির ‘কুরআন মাজিদ ও তাজভিদ’ এবং দাখিল ৮ম শ্রেণির ‘কুরআন মাজিদ ও তাজভীদ এবং আকাইদ ও ফিকহ’ বিষয়ের পরীক্ষা হবে। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আরবি বিষয়ে পরীক্ষা। ১৩ ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং ১৫ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এনসিটিবি প্রণীত মাদ্রাসার পাঠ্যপুস্তক ও বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইবতেদায়ি পরীক্ষায় প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় আড়াই ঘণ্টা। দাখিল ৮ম শ্রেণির পরীক্ষায় প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় তিন ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য ইবতেদায়িতে অতিরিক্ত ২০ মিনিট এবং দাখিলে ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
বোর্ডের নির্দেশনায় পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে বলা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে পরীক্ষার অন্তত সাত দিন আগে সিল ও স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষার হলে ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোডসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। বোর্ড অনুমোদিত সাধারণ বা নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর নিষিদ্ধ। কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, হেডফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিতে পারবেন না। পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে বোর্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।



ফেসবুক কর্নার