October 6, 2026, 5:52 pm

জন্মাষ্টমী আজ, মন্দিরে মন্দিরে নানা আয়োজন

অভয়নগর প্রতিবেদক

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী আজ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন ও নামযজ্ঞের আয়োজন করা হয়েছে। ভক্তরা উপবাস ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করছেন। জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষভাবে সাজানো হয়েছে।
হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগের শেষদিকে মথুরা নগরে অত্যাচারী রাজা কংসের কারাগারে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের বার্তা নিয়ে তার আবির্ভাবকে স্মরণ করেই ভক্তরা প্রতিবছর জন্মাষ্টমী পালন করেন। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, কীর্তন ও প্রার্থনাসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ঘরে ঘরেও ভক্তরা শ্রীকৃষ্ণের আরাধনা করছেন।
জন্মাষ্টমী উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি তার বাণীতে শ্রীকৃষ্ণের দর্শন থেকে শিক্ষা নিয়ে অসাম্প্রদায়িক ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।



ফেসবুক কর্নার