September 9, 2026, 10:03 am

ভার্চ্যুয়াল আসক্তি ছাড়িয়ে বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

অভয়নগর প্রতিবেদক

ভবিষ্যৎ প্রজন্মকে মোবাইল ও ভার্চ্যুয়াল জগতের আসক্তি থেকে ফিরিয়ে এনে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, মননশীল, জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশের বইপড়া কর্মসূচির ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, সমাজ পরিবর্তনের মূল শক্তি হলো শিক্ষা। এ লক্ষ্যেই সরকার প্রাথমিক স্তর থেকেই শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে কর্মমুখী ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মতে, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে জ্ঞান ও চিন্তার পরিধি বাড়াতে নিয়মিত বই পড়ার সুযোগ তৈরি করা প্রয়োজন।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নতুন প্রজন্মের সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত শিক্ষা। প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে বই, জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এভাবে শিক্ষিত ও মননশীল প্রজন্ম গড়ে উঠলে ভবিষ্যতে একটি জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।



ফেসবুক কর্নার