September 6, 2026, 10:52 am

শিবির নেতাকে থাপ্পড়, ছাত্রদল-শিবিরে উত্তেজনা

মহসিন কবির ক্রাইম রিপোর্টার কুষ্টিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রশিবিরের এক নেতাকে থাপ্পড় মারাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের জিয়া হল সেক্রেটারি জুহায়ের হোসেনকে থাপ্পড় মারেন শাখা ছাত্রদলের সদস্য আলীনূর রহমান। জুহায়ের দাওয়াহ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এবং আলীনূর আরবি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঘটনার পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা হলে গেলে সেখানে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে আলীনূর হলের ২১৭ নম্বর কক্ষে অবস্থান নেন।
পরিস্থিতি সমাধানে জিয়া হলের প্রভোস্টের কক্ষে আলোচনা বসেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, হল প্রভোস্ট অধ্যাপক ড. সেলিম রেজা, ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহমেদ, আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদসহ উভয় পক্ষের নেতাকর্মীরা। আলোচনার সময় কক্ষের বাইরে শিবিরের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। পরে প্রক্টরিয়াল বডি আলীনূরকে কক্ষ থেকে বের করতে গেলে উত্তেজনা তৈরি হয়। কক্ষটি তালাবদ্ধ থাকায় তাকে তাৎক্ষণিক বের করা সম্ভব হয়নি। এ নিয়ে ছাত্রদলের নেতারা আলোচনা থেকে বেরিয়ে গেলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সহায়তায় আলীনূরকে হল থেকে সরিয়ে নেওয়া হয়।
এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা আলীনূরের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন এবং প্রক্টরের গাড়িতে ইট নিক্ষেপের অভিযোগ ওঠে। পরে শিবিরের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে জিয়া মোড়ে এবং ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জুহায়ের হোসেন দাবি করেন, কোনো কারণ ছাড়াই আলীনূর তাকে থাপ্পড় ও গালাগালি করেছেন এবং তিনি অভিযুক্তের স্থায়ী বহিষ্কার চান। আলীনূর রহমান বলেন, জুহায়ের তাকে গালি দেওয়ার পর তিনি থাপ্পড় দিয়েছেন। শিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি ঘটনার বিচার দাবি করেন। ছাত্রদলের সদস্যসচিব রাফিজ আহমেদও সুষ্ঠু বিচার চান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, পুলিশকে সঙ্গে নিয়ে অভিযুক্তকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।



ফেসবুক কর্নার