
এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এবারের পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতো শুধু নম্বর যোগে ভুল হয়েছে কি না, তা যাচাইয়ের মধ্যে প্রক্রিয়াটি সীমাবদ্ধ না রেখে আবেদন করা উত্তরপত্রগুলো পুনরায় মূল্যায়ন করা হয়েছে। ফলে আবেদনকারী শিক্ষার্থীরা এবার আগের তুলনায় ভিন্ন পদ্ধতিতে তাদের ফল পুনর্নিরীক্ষণের সুযোগ পেয়েছেন।
গত ১১ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়ে ১৭ আগস্ট রাত পর্যন্ত চলে। নির্ধারিত সময়ের মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী আবেদন করেন। একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারায় মোট উত্তরপত্রের সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যার তুলনায় বেশি হয়েছে। সব মিলিয়ে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে। অর্থাৎ মোট আবেদন হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি। ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন পড়েছে।
বোর্ডভিত্তিক হিসাবে ঢাকা শিক্ষা বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। কুমিল্লা বোর্ডে ৩৫ হাজারের বেশি, রাজশাহীতে ৩৯ হাজারের বেশি, যশোরে ২৮ হাজারের বেশি, চট্টগ্রামে ৩৯ হাজারের বেশি, বরিশালে ১৭ হাজারের বেশি, সিলেটে ২০ হাজারের বেশি, দিনাজপুরে ৩৭ হাজারের বেশি এবং ময়মনসিংহ বোর্ডে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। নির্ধারিত সময়ে প্রকাশিত ফল শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে জানতে পারবেন।