September 10, 2026, 11:28 am

এসএসসি পুনঃ নিরীক্ষণের ফল আজ

অভয়নগর প্রতিবেদক

  • এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল প্রকাশের পাশাপাশি পুনঃনিরীক্ষণের আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে পুনঃনিরীক্ষণের ফলাফল দেখতে পারবেন। এজন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে বলা হয়েছে।
    শিক্ষা বোর্ডগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনঃনিরীক্ষণের ফল দেখতে আবেদনকারীদের rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ে ওয়েবসাইটে গিয়ে ফলাফল সংগ্রহের জন্য আবেদনকারীদের অনুরোধ জানিয়েছে বোর্ডগুলো। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয় গত ১১ আগস্ট এবং শেষ হয় ১৭ আগস্ট রাত ১২টায়। এ সময় দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন। একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারেন। ফলে আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা ও পুনঃনিরীক্ষণের জন্য জমা দেওয়া উত্তরপত্রের সংখ্যা এক নয়।
    তথ্য অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়েছে। সব মিলিয়ে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আওতায় এসেছে। বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত ও ব্যবহারিক মিলিয়ে ৩ লাখ ৩৫ হাজার ৬৭৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এছাড়া কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুর, যশোর, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বোর্ডেও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন জমা পড়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।



ফেসবুক কর্নার