September 10, 2026, 10:40 am

এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৩৬৬৬

অভয়নগর প্রতিবেদক

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হয়েছে। এতে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ৩ হাজার ৬৬৬ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। নতুন করে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭৪০ জন। পুনর্নিরীক্ষণের পর মোট ২৫ হাজার ৬২০ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে আবেদনকারীদের দেওয়া মুঠোফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হয়েছে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করেও ফল জানা যাচ্ছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অধীনে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ—এই নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ২৫ হাজার ৬২০ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। তাদের মোট ৪৯ হাজার ১৪৩টি বিষয়ে নম্বর পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া ৩ হাজার ৬৬৬ জন শিক্ষার্থী পাস করেছেন। পাশাপাশি নতুন করে ২ হাজার ৭৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। বোর্ডভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে।
এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় মোট ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ৩ লাখ ৪১ হাজার ৬২৫ জন পরীক্ষার্থী ৯ লাখ ১৮ হাজার ৬৫০টি বিষয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। সব মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্রসহ মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে। এর আগে ১০ আগস্ট মূল ফল প্রকাশের পর ১৭ আগস্ট রাতে আবেদন শেষ হয়। আবেদন শেষ হওয়ার ২৪ দিন পর এবং মূল ফল প্রকাশের ৩১ দিন পর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হলো।



ফেসবুক কর্নার