September 17, 2026, 8:59 pm

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল, ক্লাস ২৪ সেপ্টেম্বর

ইসমাইল হোসেন

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে একযোগে ফল প্রকাশ করা হয়। নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল পাঠানো হচ্ছে। ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন ফি দিয়ে নির্বাচন নিশ্চিত করতে হবে। নিশ্চায়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

ভর্তি-সংক্রান্ত নোটিশ অনুযায়ী, শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। গত ২ সেপ্টেম্বর অনলাইনে আবেদন শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এ জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। অনলাইন আবেদনের ফি ছিল ২২০ টাকা। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পেরেছেন। ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পছন্দক্রম পরিবর্তনের সুযোগ ছিল।

এদিকে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’-এর নীতি-৬.০ অনুযায়ী ২৩ সেপ্টেম্বর ক্লাস শুরুর কথা থাকলেও ছুটির কারণে তা সম্ভব হচ্ছে না। তাই ২৪ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভর্তি নিশ্চায়নের সময় বোর্ডকে ৩৪০ টাকা ফি দিতে হবে। এছাড়া বোর্ডের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান টিসি ইস্যু বা শিক্ষার্থী ভর্তি করতে পারবে না।



ফেসবুক কর্নার