October 5, 2026, 7:59 pm

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

অভয়নগর প্রতিবেদক

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৭৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশ, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, কুমিল্লা মহানগরসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থান চিহ্নিত করে অভিযান চালানো হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযানে সরাসরি অংশ নেন। এর আগে প্রথম দফার অভিযানে ৬২৪ জন, দ্বিতীয় দফায় ২৫৪ জন এবং তৃতীয় দফায় ৪১৫ জনকে আটক করা হয়েছিল। সর্বশেষ অভিযানে আরও ৩৭৯ জন আটক হওয়ায় চার দফায় মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৭২ জনে।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর মনিটরিং করা হচ্ছে। তিনি আরও বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার