October 5, 2026, 11:17 pm

ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মৃত আজিজ আকন্দের ছেলে মো. শাহাবুদ্দিন আকন্দ (৬১) ও মজিদ আকন্দের ছেলে মো. ধনু আকন্দ (৫৮)। স্থানীয়রা জানান, সকালে ধনু আকন্দ কৃষিজমিতে কাজ করতে গিয়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় ধানখেতে ধনু আকন্দকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধারে এগিয়ে যান শাহাবুদ্দিন আকন্দ। ধনুকে স্পর্শ করা মাত্র তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া না পাওয়ার অভিযোগ করেন। পরে সংযোগ বিচ্ছিন্ন হলে এলাকাবাসী দুজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত শাহাবুদ্দিনের ছেলে সাঈদ আকন্দ অভিযোগ করেন, প্রায় আধাঘণ্টা ধরে একাধিকবার ফোন করেও দ্রুত সাড়া পাওয়া যায়নি। ভালুকা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন পাঠান বলেন, প্রতিদিনের মতো ধনু আকন্দ খেতে কাজ করতে গিয়েছিলেন এবং ছেঁড়া তারটি খেয়াল করেননি। এদিকে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জিএম এস এম নাছির উদ্দীন ঘটনাটিকে দুর্ঘটনা উল্লেখ করে বলেন, তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার