October 5, 2026, 8:52 pm

পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষে জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

অভয়নগর প্রতিবেদক

নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আসামিরা জেলা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করেন। একই সঙ্গে হাইকোর্ট থেকে পাওয়া তাদের অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালতে পাঠানোদের মধ্যে পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জয়নাল আবেদীনও রয়েছেন। মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ মে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কোরবানির পশুর হাট ইজারা সংক্রান্ত দরপত্র আহ্বান করা হয়। ইজারার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বিএনপি, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
ঘটনার জেরে ২৫ মে আগিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ওমর শরীফ বাদী হয়ে জয়নাল আবেদীনসহ ৩৩ জনের নাম উল্লেখ করে পূর্বধলা থানায় মামলা করেন। মামলার আসামিরা এতদিন হাইকোর্টের আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে বুধবার নেত্রকোণার সংশ্লিষ্ট আদালতে পুনরায় জামিনের আবেদন করলে বিচারক তা প্রত্যাখ্যান করে ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।



ফেসবুক কর্নার