September 30, 2026, 10:35 pm

বিদেশি হজযাত্রীদের জন্য ‘অল-ইন-ওয়ান’ প্যাকেজ সৌদির

মোঃ ইসমাইল হোসেন

 

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত ‘অল-ইন-ওয়ান’ প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ইলেকট্রনিক পাথ প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া হবে এই প্যাকেজ। এর আওতায় সৌদি আরবে পৌঁছানো থেকে হজ শেষে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত প্রয়োজনীয় বিভিন্ন সেবা একটি একক ইলেকট্রনিক চুক্তির আওতায় আনা হবে।

প্যাকেজে প্রধান চারটি সেবা থাকবে—পবিত্র স্থানগুলোতে সেবা, মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত এবং খাবারের ব্যবস্থা। পাশাপাশি অতিরিক্ত কিছু ঐচ্ছিক সেবা যুক্ত করার সুযোগ থাকবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশি হজবিষয়ক দফতর ও সংশ্লিষ্ট এজেন্সিগুলো বিভিন্ন শ্রেণির হজযাত্রীর প্রয়োজন অনুযায়ী কর্মসূচি তৈরি করতে পারবে। এর জন্য থাকবে নির্দিষ্ট, স্বচ্ছ ও নমনীয় চুক্তিভিত্তিক কাঠামো।

২০২৭ সালের হজ মৌসুম ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী ১৪৪৮ হিজরি। এ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরব ইতোমধ্যে ৭৫টির বেশি দেশের হজবিষয়ক দফতরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। মন্ত্রণালয়ের ভাষ্য, নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে আবাসন, পরিবহন, খাবার ও পবিত্র স্থানসংক্রান্ত সেবাগুলো আরও সমন্বিতভাবে পরিচালনা করা যাবে। ‘সৌদি ভিশন ২০৩০’ ও ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেও উদ্যোগটি নেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার