
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের কাছ থেকে প্রায় ১ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। শুক্রবার (২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এভসেকের সহায়তা ও অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ওবায়দুরের দেহ তল্লাশি করা হয়।
তল্লাশির সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। কাস্টমস জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম, যা প্রায় ১ দশমিক ০৫ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা। স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানকে আটক করা হয়েছে।
এনবিআর জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে এক যাত্রীকেও আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।