October 5, 2026, 11:55 pm

বিদ্যুৎ সংযোগসহ দাবিতে প্রেস ক্লাব অবরোধ অটোচালকদের

অভয়নগর প্রতিবেদক

বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনসহ কয়েকটি দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন অটোচালকরা। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর শত শত অটোচালক সড়কে অবস্থান নিলে প্রেস ক্লাবসংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
অটোচালকরা জানান, অটো চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। পাশাপাশি সড়কে অভিযানের নামে হয়রানি বন্ধ এবং ব্যাটারি চার্জের জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনের দাবি জানিয়েছেন তারা। অটোচালক সাইফুল ইসলাম বলেন, ‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে। অটোচালকদের হয়রানি বন্ধ করতে হবে।’ দাবি না মানা পর্যন্ত সড়ক না ছাড়ার কথাও জানান চালকরা।
এদিকে কর্মসূচির প্রভাবে রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল কমে গেছে। রমনা বিভাগের উপকমিশনার জাহিদুল ইসলাম বলেন, বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ দায়িত্ব পালন করছে।



ফেসবুক কর্নার