October 5, 2026, 6:58 pm

ঢাকায় আত্মসমর্পণের পর শ্রমিক-যুবদল নেতাকে কারাগারে

অভয়নগর প্রতিবেদক

২০১৭ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে মিছিলের ঘটনায় করা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক সদস্য মোকলেস মিয়া ও যুবদল নেতা জাহিদুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (৫ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসান তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ২২ জুন খালেদা জিয়া আদালতে যাওয়ার সময় তাকে স্বাগত জানাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহের প্রথম গেটের সামনে মিছিল করেন। এ সময় পুলিশের কাজে বাধা ও ধাক্কাধাক্কির অভিযোগে শাহবাগ থানায় দণ্ডবিধির ৩৫৩ ধারাসহ একাধিক ধারায় মামলা হয়। ২০২৩ সালের ২৮ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৬-এর বিচারক মোকলেস মিয়া ও জাহিদুল ইসলামকে ৩৫৩ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরে তারা ওই রায়ের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনের আবেদন জানান। সোমবার আদালতে তাদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল আলম। তিনি বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা আত্মসমর্পণ করেছেন এবং সাজা বাতিল ও জামিনের জন্য পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আদালত প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীরা তাদের মুক্তির দাবিতে স্লোগান দেন।



ফেসবুক কর্নার