October 5, 2026, 11:29 pm

মেসির বিদায় ঘিরে সতীর্থদের আসাদো পার্টি

অভয়নগর প্রতিবেদক

বিদায়ের মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনা জাতীয় দলের ক্যাম্পে লিওনেল মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ ‘আসাদো’ পার্টির আয়োজন করেছেন সতীর্থরা। আসাদো, আড্ডা ও একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে মেসির শেষ সময়গুলো উপভোগ করছেন তারা। এনজো ফার্নান্দেজ আগে জানিয়েছিলেন, মেসিকে তারা খুব মিস করবেন এবং তার সঙ্গে ঐতিহ্যবাহী বারবিকিউ করে সময় কাটাতে চান। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও মেসিকে যতটা সম্ভব ভালোভাবে বিদায় দিতে চান বলে জানিয়েছেন।
জাতীয় দলের ক্যাম্পে মেসির এবারের উপস্থিতি তাই অন্য সময়ের চেয়ে আলাদা। দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের মতো বড় সাফল্য পেয়েছেন তিনি। একই জার্সিতে পরাজয়ের কষ্টও সঙ্গী হয়েছে তার। এখন জাতীয় দলের হয়ে সম্ভাব্য শেষ ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছেন মেসি।
সামনে বুয়েনস আইরেসের ঐতিহাসিক এল মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি মেসির জাতীয় দল ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে পারে। ফলে তার প্রতিটি দৌড়, পাস ও মাঠের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে মুখিয়ে আছেন সমর্থকরা। নীল-সাদা জার্সিতে একজন কিংবদন্তির অধ্যায় শেষের পথে থাকলেও আর্জেন্টিনার ফুটবলে মেসির অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।



ফেসবুক কর্নার