
ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতির ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে প্রায় এক ঘণ্টা ধরে চলা এ অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদেও ব্যবসায়ীরা বিক্ষোভ করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, সিডস্টোর বাজারের একটি ব্যাংকে টাকা জমা দিতে কয়েকজন ব্যবসায়ী লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় এক ব্যক্তি লাইন ভেঙে টাকা জমা দেওয়ার চেষ্টা করলে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ব্যক্তিকে কিল-ঘুষি মারা হয়। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মহাসড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল সচল হয়েছে।