October 27, 2026, 5:33 pm

২১ বছর পর সিনেমার গানে ফিরলেন শানু-উদিত জুটি

অভয়নগর প্রতিবেদক

 

দীর্ঘ ২১ বছরের বিরতি ভেঙে আবারও সিনেমার গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু ও উদিত নারায়ণ। সানি দেওলের আসন্ন ক্রাইম থ্রিলার ‘সুরিয়া: অন্ত সে আরম্ভ তাক’ সিনেমার ‘সুনিয়ো জারা’ গানে শোনা যাবে তাঁদের কণ্ঠ। ভ্যারাইটি ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বন্ধুত্বের আবহে তৈরি গানটিতে পর্দায় দেখা যাবে সানি দেওল ও রবি কিষানকে। তাঁদের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন অনুপম আমোদ। জি মিউজিক কোম্পানির ব্যানারে গানটি প্রকাশের কথা রয়েছে।

শানু ও উদিতকে সর্বশেষ একসঙ্গে প্লেব্যাকে শোনা গিয়েছিল ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘নো এন্ট্রি’ সিনেমার ‘কাহা হো তুম’ গানে। দীর্ঘ বিরতির আগে এই জুটি ‘তেরি মেরি দোস্তি’, ‘বেপারওয়া বহুত দিন ঘুমে’, ‘ছোটে ছোটে ভাইয়ো কে বড়ে ভাইয়া’ ও ‘হাম সাথ-সাথ হ্যায়’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন। সম্প্রতি ‘তেরা মেরা ইয়ারানা’ শিরোনামের একটি অডিও গানেও একসঙ্গে কণ্ঠ দিয়েছেন তাঁরা। সঞ্জীব চতুর্বেদীর কথা ও সুরে গানটি গত ১৫ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয়েছে। এতে উঠে এসেছে দুই শিল্পীর বন্ধুত্বের গল্প।

এদিকে, যে সিনেমার গানে শানু ও উদিত ফিরেছেন, সেই ‘সুরিয়া’ নিয়েও চলছে আলোচনা-সমালোচনা। ছবিতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সূর্য প্রতাপ সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। ভুল চিকিৎসায় মেয়েকে হারানোর পর চিকিৎসাব্যবস্থার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নামেন তিনি। তবে চিকিৎসকদের নেতিবাচকভাবে উপস্থাপন এবং স্বাস্থ্যকর্মীদের ওপর সহিংসতার দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এই বিতর্কের মধ্যেই আগামী ২০ নভেম্বর সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।



ফেসবুক কর্নার