November 2, 2026, 11:40 am

গার্দিওলাকে ছাড়িয়ে বার্সেলোনায় দ্রুততম জয়ের সেঞ্চুরি ফ্লিকের

অভয়নগর প্রতিবেদক

 

বার্সেলোনার কোচ হিসেবে ইতিহাস গড়েছেন জার্মান কোচ হান্সি ফ্লিক। দেপোর্তিভো আলাভেসকে ৬-১ গোলে হারানোর মধ্য দিয়ে মাত্র ১৩১টি অফিসিয়াল ম্যাচে শততম জয়ের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর মাধ্যমে ১৩৯ ম্যাচে ১০০ জয় পাওয়া পেপ গার্দিওলাকে পেছনে ফেলেছেন ফ্লিক।

বার্সেলোনার হয়ে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুমে ৪৪টি করে জয় পেয়েছেন ফ্লিক। চলতি মৌসুমে ১৪ ম্যাচে তাঁর দলের জয় ১২টি। সব মিলিয়ে তাঁর অধীনে বার্সেলোনা হেরেছে ২১ ম্যাচে এবং ড্র করেছে ১০টিতে। জয়ের হার ৭৬ দশমিক ৩ শতাংশ। এ মৌসুমে ১৪ ম্যাচে ৪৮ গোল করেছে দলটি, যা ম্যাচপ্রতি তিনটিরও বেশি।

দ্রুততম ১০০ জয়ের তালিকায় ফ্লিক এখন দ্বিতীয় স্থানে। তাঁর ওপরে রয়েছেন লুইস এনরিকে, যিনি মাত্র ১২৬ ম্যাচে জয়ের সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে পিএসজি ও লা লিগায় রিয়াল মাদ্রিদের কাছে হারের পর আলাভেসের বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ের মধ্য দিয়ে আবারও ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছে কাতালান ক্লাবটি।



ফেসবুক কর্নার