August 30, 2026, 5:36 am
শিরোনাম :

ইমামদের শুধু নামাজের নয়, মুত্তাকিদেরও ইমাম হতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

মোঃ ইসমাইল হোসেন

সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম ও আলেম-ওলামাদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেন, মানুষের মধ্যে সত্য, ন্যায়, সততা ও তাকওয়ার শিক্ষা ছড়িয়ে দিতে ধর্মীয় নেতাদের নিজেদের জীবনেও এসব গুণের চর্চা করতে হবে। শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে আলেম-ওলামা, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, শুধু নামাজের ইমাম হলেই দায়িত্ব শেষ হয় না; ইমামদের মুত্তাকিদের ইমাম হওয়ার চেষ্টা করতে হবে। এজন্য তাকওয়া, সততা, ন্যায়পরায়ণতা ও সৎ আমলের মাধ্যমে নিজেদের জীবনে আদর্শ প্রতিষ্ঠা করা প্রয়োজন। তিনি বলেন, মানুষকে দ্বীনের পথে আহ্বান করার ক্ষেত্রে হিকমত ও প্রজ্ঞার সঙ্গে কথা বলতে হবে। আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশনা অনুসরণের পাশাপাশি মানুষের বাস্তবতা উপলব্ধি করে সুন্দর ও যুক্তিসঙ্গতভাবে ইসলামের শিক্ষা তুলে ধরতে হবে। ইমামদের আচরণ, বক্তব্য ও কর্মকাণ্ড যেন সমাজের মানুষের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়, সেদিকেও গুরুত্ব দেন তিনি।
সভায় প্রতিমন্ত্রী পাহাড়তলি ইমাম প্রশিক্ষণ একাডেমির অবকাঠামো ও অব্যবহৃত জমির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির অব্যবহৃত জায়গাগুলো কার্যকরভাবে ব্যবহার করা হয়নি কেন, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়ার কথা জানান তিনি। চট্টগ্রাম ও আশপাশের এলাকার হজযাত্রীদের আবাসন ও প্রশিক্ষণসেবা সম্প্রসারণেও এসব জায়গা ব্যবহার করা যায় কি না, তা পর্যালোচনার কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক মোস্তফা মনসুর আলম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার