গণপরিবহনে অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে ইউনাইটেড সিটিজেন্স সোসাইটি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আয়োজিত এ সমাবেশে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি গণপরিবহনে নিয়মিত যাতায়াতকারী সাধারণ যাত্রীরাও অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্ধারিত রুটে যাত্রী পরিবহনে নানা অনিয়ম চলছে। অনেক সময় পূর্ণ রুটে না গিয়ে মাঝপথেই যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের উদ্দেশ্যে কৃত্রিম সংকট তৈরি এবং বিআরটিএর অনুমোদন ছাড়াই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও রয়েছে।
ইউনাইটেড সিটিজেন্স সোসাইটির সিনিয়র সদস্য জসীম উদ্দিন ওপেল বলেন, গণপরিবহন ব্যবস্থায় নিয়মিত তদারকি না থাকায় যাত্রীদের ভোগান্তি দিন দিন বাড়ছে। কার্যকর নজরদারি শুরু না হলে পরিস্থিতির পরিবর্তন হবে না। আয়োজক সদস্য ও সংগঠনের মুখপাত্র শাহাদাত হোসেন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পরিবহন খাতে একটি সিন্ডিকেটের কারণে সাধারণ যাত্রীরা জিম্মি হয়ে পড়েছেন। অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির পাশাপাশি শ্লীলতাহানির মতো অভিযোগও রয়েছে বলে দাবি করেন তিনি। সমাবেশে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পক্ষ থেকে সংহতি জানান চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব এম. এ. আলী আশিক। তিনি যাত্রী হয়রানি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ সময় ইকবাল হোসেন রানা, স্থানীয় সংগঠক আবছার আহমেদ সাইবান, সদস্য আহনাফ খানসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সমাবেশের শেষ পর্যায়ে যাত্রীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ছয় দফা দাবি তুলে ধরেন শাহাদাত হোসেন। দাবিগুলো হলো—গণপরিবহনের ভাড়া নিয়ন্ত্রণ, পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, অনুমোদিত সব রুটে নিয়মিত গাড়ি চলাচল নিশ্চিত করা, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, প্রশাসনের নিয়মিত তদারকি এবং যাত্রী ও পরিবহন শ্রমিক উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা। বক্তারা বলেন, নগরবাসীর দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম গণপরিবহন। তাই যাত্রী হয়রানি, অনিয়ম ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। সমাবেশ থেকে যাত্রীবান্ধব ও সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।