
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মৃত্যু নিয়ে মন্তব্য করেছেন রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম। রোববার (২০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘শেষ পর্যন্ত বাচ্চা মেয়েটাকে তারা মেরে ফেলল।’ একই পোস্টে মরিয়মের জন্য দোয়া করে মেঘনা আলম বলেন, সমাজ তার অসহায়ত্বের সুযোগ নিয়েছে। তবে মরিয়মকে হত্যা করা হয়েছে—এমন দাবির পক্ষে পোস্টে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য দেননি।
পোস্টে মেঘনা আলম আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর কথিত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিএনপিকে সমর্থনের কারণে তাকে লক্ষ্য করে ভুয়া সংবাদ, ভিডিও, স্ক্রিনশট ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়িয়ে হেনস্তার চেষ্টা চলছে। তিনি আরও দাবি করেন, বিভিন্ন পেজ ও প্রচারণার মাধ্যমে মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। একজন নারীর সম্মানহানি ও অসহায়ত্বকে নিয়ে হাসাহাসি করাকে তিনি অনুচিত বলে উল্লেখ করেন এবং যারা মিথ্যা ছড়াচ্ছে ও সম্মানহানি করছে, তাদের জবাবদিহির আওতায় আনার জন্য দোয়া করেন।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ হত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল ও পিবিআই সদস্যরা কাজ করেন। এদিকে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ও মরিয়মকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর গাজী নজরুল মরিয়মকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে উল্লেখ করেন। পরে ২২ জুলাই জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে