
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মাদক উদ্ধারে অভিযান চালাতে গিয়ে তাঁরা আটক হন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আটক দুই পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। তাঁরা দুজনই ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত। পুলিশ সূত্র জানায়, শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় ২০৫৯ নম্বর সীমান্ত পিলার-সংলগ্ন স্থানে মাদক উদ্ধারে অভিযান চলাকালে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। এ সময় কনস্টেবল রোহিত দেওয়ান তাঁর পিছু ধাওয়া করলে সীমান্তে থাকা কয়েকজন ভারতীয় নাগরিক তাঁকে আটক করেন। পরে এএসআই ইমরান হোসেন তাঁকে ছাড়িয়ে আনতে গেলে তাঁকেও আটক করা হয়। এরপর সেখানে বিএসএফ সদস্যদের ডেকে আনা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফোনে আলোচনা করছেন। দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।